আজ শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ার দাপট দেখিয়ে পিছিয়ে পড়েও জয় তুলে নিলো দ. কোরিয়া

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এশিয়ার দাপট দেখলো ইউরোপের দল চেক প্রজাতন্ত্র। পিছিয়ে পড়েও চেকদের বিপক্ষে ২-১ গোলের এক জয় তুলে নিলো দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল দেখার মতো। বিশ্বকাপের ইতিহাসে  কখনও এই দুই দল মুখোমুখি না হওয়ায় ম্যাচটি ছিল ঐতিহাসিক একটি মুহূর্ত।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমজমাট থাকলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দক্ষিণ কোরিয়া মাঝমাঠের দখল রেখে বল দখলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও চেকেদের রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। অন্যদিকে ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্র তাদের শারীরিক ফুটবল এবং শক্তিশালী কাউন্টার অ্যাটাক দিয়ে কোরিয়ান ডিফেন্সকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল রোমাঞ্চ। খেলার ধারার বিপরীতে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেয়চি দুর্দান্ত এক হেডার দিয়ে চেক প্রজাতন্ত্রকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। গোল হজম করার পর দক্ষিণ কোরিয়ার আক্রমণে ধার বাড়ে।

টানা আক্রমণে ৬৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন ফেয়েনুর্ড মিডফিল্ডার হুয়াং ইন-বম চমৎকার এক ফিনিশিংয়ে গোল করে দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান। সমতায় ফেরার পর ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। খেলার ৭৮ মিনিটে একটি ফ্রি-কিক থেকে চেক প্রজাতন্ত্র আবার গোল করে উল্লাসে মেতে উঠলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলা মুহূর্তেই চেকদের আনন্দ ম্লান। এই অফসাইডের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এর ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৮০ মিনিটে কোরিয়ান সুপার সাব ওহ হিয়ন-গিউ বক্সের ভেতর চমৎকার এক পাস পেয়ে বল চেকেদের জালে জড়িয়ে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে নেন।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ঐতিহাসিক এক জয় তুলে নেয় এশিয়ান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে প্রথম সাক্ষাতেই চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -