সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের লোকেরপাড়া-লুহুরিয়া সড়কে এলজিইডি নির্মাণাধীন উন্নয়ন কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী-এলাকাবাসী। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘাটাইলের আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন বিধ্বস্ত সড়কে দাঁড়িয়ে স্থানীয় কয়েকটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালে লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের উন্নয়ন কাজ শুরু করলেও নির্ধারিত সময়ে শেষ না করে মাঝপথে বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরে প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় শহিদ ছালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, খায়েরপাড়া বাজার সমিতির সভাপতি হামিদুর রহমান হিরো, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম খান দুলাল, সমাজ সেবক তাওহিদুল ইসলাম তারেক, হিটলার, মোখলেছুর রহমান খান বেল্লাল প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় দুই বছর ধরে নির্মাণাধীণ সড়কটির বেহাল দশার কারণে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করে আত্মগোপণে চলে গেছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘœ রাখতে সড়কডিটর নির্মাণ কাজ দ্রুত শেষ করা জরুরি হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতে ব্যাপক কষ্ট করছে। বিশেষ করে বৃষ্টিতে কাদা-পানির কারণে জামাকাপড় নষ্ট হয়ে যায়। এছাড়া যানবাহন চলাচলে সমস্যার কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। তারা দ্রুত নির্মাণাধীন সড়কটির উন্নয়ন কাজ শেষ করার দাবি জানান।
আলোকিত প্রতিদিন/০৯ জুন ২০২৬/মওম

