নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে এ মন্তব্য করেন স্পিকার।
অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।
তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে বিদ্যমান গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সীমিত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় এখনো গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
মন্ত্রী বলেন, “গ্যাসের একটি সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট কারখানায় সংযোগ দেওয়া যাচ্ছে না।”
তিনি আরও জানান, দীর্ঘ ১৭ বছর দেশে উল্লেখযোগ্য কোনো গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নতুন করে গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু করেছে। নতুন গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জসহ বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আপনি সংসদে বলেছিলেন নির্দিষ্ট তারিখ থেকে গ্যাস সরবরাহ শুরু হবে। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।”
এ সময় ভবিষ্যতে সংসদে বক্তব্য ও প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ড্রিলিংসহ সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে স্টাডি ও যাচাই করে তারপর বক্তব্য দেওয়া উচিত।”
আলোকিত প্রতিদিন / এম আর এম

