আজ সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

রায়ে সন্তুষ্ট রামিসার পরিবার, দ্রুত কার্যকরের দাবি বাবার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা। তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এ রায়ে আমি শতভাগ সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমার মেয়ের হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন, তা দ্রুত কার্যকর হতে দেখতে চাই। এতে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।” এ সময় বিচারক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং দুর্দিনে পাশে থাকা দেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমার এবং আমার পরিবারের কঠিন সময়ে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমাদের একমাত্র প্রত্যাশা, রায়টি দ্রুত কার্যকর করা হোক।” উল্লেখ্য, বহুল আলোচিত এ মামলার রায়ে আদালত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -