আলোকিত প্রতিবেদক:
তিন দিনের সফরে বৃহস্পতিবার ৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হবে এটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ৪ থেকে ৬ জুন বাংলাদেশ সফর করবেন তিনি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগ।
সূত্রগুলো বলছে, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক সূত্র বলছে, সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক। বাংলাদেশও তুরস্ককের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাত ঢাকা সফর করেন। সেসময় প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই বিষয়েও আলোচনা হতে পারে।
বাংলাদেশ সফরকালে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পারেন। সেখানে তুরস্কের তৈরি ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন তিনি। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান।
আলোকিত প্রতিদিন/০৪ জুন ২০২৬/মওম

