আজ সোমবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মা*দকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে ঘিওরে বিএনপি’র মতবিনিময় সভা

আরো খবর

 ​সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওরকে মাদক ও ইভটিজিংমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন সোমবার বিকেলে ঘিওর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এই সভার আয়োজন করা হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর। ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা সামাজিক অবক্ষয় রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর বলেন, “মাদক ও ইভটিজিং আমাদের যুবসমাজ ও সামাজিক শান্তিকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই দুই সামাজিক ব্যাধি চিরতরে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।” ​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। তবে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সময়মতো সাক্ষ্য প্রদান অত্যন্ত জরুরি। ঘিওরকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।” ​উক্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, মিজানুর রহমান খান কুদরতসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। ​সভায় বক্তারা মাদক বিক্রেতা ও ইভটিজারদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -