আজ রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

হামের প্রাদুর্ভাব ট্রেনের টিকিট সংকটে কমেছে পর্যটক

আরো খবর

প্রতিনিধি,মৌলভীবাজার:

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। সবুজ চা-বাগান, পাহাড়, বনাঞ্চল আর নির্মল পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অনেকে। তবে অন্যান্য বছরের মতো উপচে পড়া ভিড় এবার চোখে পড়ছে না।

পর্যটন-সংশ্লিষ্টদের মতে, হামের প্রাদুর্ভাব, যাতায়াতে ভোগান্তি, ট্রেনের টিকিট সংকট ও আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে প্রত্যাশিত সংখ্যক পর্যটক আসেননি। ফলে বিটিআরআই, লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ সব স্পটে মানুষের আনাগোনা থাকলেও ভিড় কম।

ঈদের দিন কোরবানি শেষ করেই রাতে শ্রীমঙ্গলে এসেছেন সায়েম আহমেদ বলেন, “চারদিকে সবুজের সমারোহ আর নির্মল পরিবেশ মনকে প্রশান্ত করে। এর আগেও দুবার এসেছি, এবার তৃতীয়বার। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে শ্রীমঙ্গল সত্যিই অসাধারণ।”

কুমিল্লা থেকে আসা আরিফ জানান, “ঈদের আগের দিনই পরিবার নিয়ে চলে এসেছি। চা-বাগান, লেক, বন ঘুরে ছবি তুলছি। প্রথম দিন আবহাওয়া শীতল ছিল, এখন গরম বেড়েছে। তবু শ্রীমঙ্গলের শান্ত পরিবেশ মুগ্ধ করছে। শহরের কোলাহল থেকে দূরে মানসিক প্রশান্তি মিলছে।”

রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস দাশ বলেন, ঈদ ঘিরে হোটেল-রিসোর্টে ৭০% আগাম বুকিং ছিল। ঈদের দিন ভিড় কম থাকলেও দ্বিতীয়-তৃতীয় দিনে পর্যটক বেড়েছে। তবে হঠাৎ তাপমাত্রা বাড়ায় অনেকে রিসোর্টের ভেতরেই সময় কাটাচ্ছেন। ছুটির বাকি দিনগুলোতে সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন জানান, শ্রীমঙ্গলে এখন শতাধিক হোটেল-রিসোর্ট আছে। বড় ছুটিই ব্যবসায়ীদের ভরসা। কিন্তু হাম নিয়ে উদ্বেগ, সড়কে যানজট আর ট্রেনের টিকিট সংকটে এবার পর্যটক স্পষ্টতই কম।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাশ বলেন, সব পর্যটনকেন্দ্রে টহল চলছে। থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আলোকিত প্রতিদিন / ৩১ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -