আলোকিত ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়িই নওগাঁর মান্দায়। এ ছাড়া অন্য দুজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নিহতদের বাড়ি মান্দা থানার বিভিন্ন গ্রামে। নিহতদের নাম, পরিচয় ও পেশা এখনো জানা যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এখন।
খোরশেদ আলম আরও জানান, নিহতদের মধ্যে ১৩ জনের বাড়িই মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র পর্যন্ত এলাকায়। এ ছাড়া অন্য দুজনের বাড়ি তানোর উপজেলায়।
কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। আহত হন আরও ১০ জন।
আলোকিত প্রতিদিন/এপি

