বিশেষ প্রতিনিধি: জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ৩০ হাজার বর্গমিটার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ ধারণা করা হচ্ছে। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে।
আব্দুস সালাম আরও বলেন, নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।
দক্ষিণের প্রশাসক বলেন, ঈদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট থাকবে। ২টি পুরুষদের ও ১টি নারীদের প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। মোট ৪টি গেট থাকবে। নামাজ শেষ করে বের হওয়ার জন্য ভিআইপি ১টি ও পুরুষের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। মোট ৭টি গেট থাকবে।
তবে যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান আব্দুস সালাম।
তিনি আরও জানান, মাতুয়াইল থেকে রাত ৯টা থেকে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ শুধু হবে। ১৩ হাজার ৪৫৩ কর্মী কাজ করবেন। ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

