আজ রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চীনের কয়লা খনিতে ভ*য়া*বহ বিস্ফো*রণে নিহত ৯০, নিখোঁজ ৯

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তরাঞ্চলীয় শ্যাংজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৯ শ্রমিক। এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া একে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ৩৫৪ জন উদ্ধারকর্মী উদ্ধারকাজে অংশ নেন। শনিবার ভোর থেকে খনি থেকে একে একে শ্রমিকদের বের করে আনা শুরু হয়। এখন পর্যন্ত ৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৯ জনের সন্ধানে এখনও অভিযান চলছে।

উদ্ধার হওয়া কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর খনির ভেতরে ব্যাপক পরিমাণে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, খনিটির নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

শ্যাংজি প্রদেশ চীনের অন্যতম দরিদ্র অঞ্চল হলেও এটি দেশটির ‘কয়লার রাজধানী’ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে খনিশ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি হলেও দেশটিতে খনি দুর্ঘটনা এখনও উদ্বেগজনকভাবে ঘটছে।

এর আগে, ২০০৯ সালে হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন। সেটি এখন পর্যন্ত চীনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

সূত্র: এএফপি, এনডিটিভি

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -