নিজস্ব প্রতিবেদক:
একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের মধ্যে ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে। এর কারণে সড়ক দুর্ঘটনায় চালক, সহকারী, যাত্রী ও পথচারীদের হতাহতের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পরিস্থিতিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে যানবাহন চালানোর জন্য কঠোর সতর্কতা জারি করেছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা যানবাহন চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই দুর্ঘটনা প্রতিরোধে পরিবহণ মালিক ও চালকদের আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
বিআরটিএ হুঁশিয়ারি দিয়ে জানায়, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।
এছাড়া, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

