নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায় বিএনপি সরকার।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল ন্যায়বিচার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইছে। কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না।” তিনি আরও বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষ তাদেরই সমর্থন করবে।
দেশকে নিজেদের সম্পদ উল্লেখ করে তারেক রহমান বলেন, “নিজের ঘর যেমন নিজেকেই দেখাশোনা করতে হয়, তেমনি দেশকেও আমাদের সবাইকে মিলেই রক্ষা করতে হবে।” তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণই হবে প্রধান শক্তি।
আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ত্রিশালের ‘ধরার খাল’ খনন করেছিলেন। প্রায় ৪৭ বছর পর সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টা ২১ মিনিটে অনুষ্ঠানে পৌঁছে তিনি গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই খননকাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাতসহ বিএনপি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোকিত প্রতিদিন / এম আর এম

