আজ বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল আজহা সামনে রেখে মানিকগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

আরো খবর

মো: মহিদ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মানিকগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা। সভায় ঈদকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে যানজট নিরসন,অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মহাসড়কে অবৈধ পার্কিং প্রতিরোধ এবং দুর্ঘটনা কমাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ সুপারের প্রতিনিধি, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলীর প্রতিনিধি, জেলা সমাজসেবা অফিসার, গোলড়া হাইওয়ের ইনচার্জ, বরঙ্গাইল হাইওয়ে থানার কর্মকর্তারা, মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এনপিআই পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, মানিকগঞ্জ জেলা যাত্রীবাহী মিনিবাস মালিক সমিতির সভাপতি, মানিকগঞ্জ জেলা পণ্যবাহী ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -