মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে ভূমিসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সরকার কাজ করছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। জনগণকে আধুনিক ভূমিসেবা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তারা।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো মো. আব্দুল করিম, সার্ভেয়ার মো. মাসুদ রানা, সার্ভেয়ার রাহাত হোসেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।
মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান সংক্রান্ত তথ্য, অনলাইন ভূমিসেবা বিষয়ে পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী তিন দিন ধরে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন তারা ।
আলোকিত প্রতিদিন/এপি

