বিশেষ প্রতিবেদক:
জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্সের প্রয়োজন হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে র্যাব এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে যা সঠিক নয়। র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৮ মে) র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা র্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়ন করছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে যা মানবাধিকার সমুন্নত রাখবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে।”
মন্ত্রী বলেন, নতুন বাহিনী সম্পূর্ণভাবে মানবাধিকার রক্ষা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে, র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কয়েকজনের ভুল পুরো প্রতিষ্ঠানকে দায়ী করতে পারে না। আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে দায়ী কর্মকর্তাদের বিচার করা হবে। তিনি আরও জানান, র্যাবের উপর আমেরিকার দেওয়া স্যাংশন মূলত অতীত রাজনৈতিক ব্যবহারের কারণে হয়েছে, যা নতুন আইন প্রণয়নের পর পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আইন প্রণয়নের পরে এই বাহিনীকে যথাযথ প্রশিক্ষণ, লজিস্টিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন যে, আইন প্রণয়নের মাধ্যমে ফোর্সটি স্বচ্ছ, জবাবদিহি সম্পন্ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হবে।
এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে র্যাব ব্যবহারের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় র্যাব বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, গুম সংক্রান্ত বিষয়গুলো আইসিটি আইনের আওতায় যথাযথ বিচার নিশ্চিত করা হবে।
র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

