মামুন আহমেদ জয়:
ঢাকার ধামরাইয়ে র্যাব-৪ এর পৃথক অভিযানে প্রায় তিন লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার পাঠানটোলা এলাকায় শাহিন কোম্পানির প্লটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আবু বক্করের নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোসলেম ওরফে রনি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার করচাবাধা গ্রামের মৃত বান্দ মিয়ার ছেলে। তিনি বর্তমানে ধামরাই উপজেলার পাঠানটোলা এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে তার কাছ থেকে ২৯৫ গ্রাম হেরোইন, ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

