আব্দুল আলিম, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাঘা থানাধীন পারসাওতা বিনোদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব নাঈমুল হাছান-এর দিকনির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও সে পূর্বে মাদক মামলায় কারাভোগ করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বাঘা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

