ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রায় দুই শত কোটি টাকার উন্নয়ন মহাপ্রকল্প ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার–ছাতক) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক উন্নয়ন সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, দোয়ারাবাজারকে আর পিছিয়ে পড়া উপজেলা হিসেবে রাখা হবে না। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা হবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, সড়ক খাতে উল্লেখযোগ্য বরাদ্দের মধ্যে রয়েছে—ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার সড়কে ১০ কোটি টাকা, দোয়ারা–বোগলা সড়কে ১০ কোটি, বাংলাবাজার–হকনগর–বোগলা সড়কে ৭ কোটি, আমবাড়ি–বদরপুর–রামপুর সড়কে ৬ কোটি এবং ছাতক–সুনামগঞ্জ সড়ক থেকে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকা বরাদ্দ।এছাড়া দোহালিয়া–মঙ্গলপুর–ধর্মপুর সড়কে ৪ কোটি, রাবার ড্যাম–চকবাজার সড়কে ৭ কোটি এবং নরসিংপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক ও শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের আশ্বাস দিয়ে শিক্ষা খাতে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ১২টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন এবং ১০টি বিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণেও বরাদ্দ রাখা হয়েছে। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারা বাজারকে উন্নত উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

