আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ হাজার লাইসেন্স করা অ*স্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

আরো খবর

রাজনৈতিকভাবে ইস্যু করা অস্ত্র দ্রুত জমা না দিলে আইনগত ব্যবস্থা, জোরদার হচ্ছে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনও জমা না পড়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে তিনি জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও অনেক লাইসেন্সকৃত অস্ত্র মাঠ পর্যায়ে রয়ে গেছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, এসব অস্ত্র দ্রুত উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মামলা দায়েরসহ কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালা উপেক্ষা করে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলোর বৈধতা যাচাই-বাছাই চলছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ত্রুটিপূর্ণ লাইসেন্স প্রমাণিত হলে সংশ্লিষ্ট অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।
তবে ২০০৯ সালের আগে ইস্যু করা বৈধ লাইসেন্সধারীরা নিয়ম অনুযায়ী তাদের অস্ত্র ফেরত পাওয়ার সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থপাচার ও সামাজিক অবক্ষয় রোধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -