আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা : মির্জা ফখরুল

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “এ বিষয়ে আমরা আগেও বলেছি, এখনো সেই অবস্থানেই আছি।”

মন্ত্রী আরও জানান, ডিসিরা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, জেলা প্রশাসকদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে এবং সরকারের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণই দেশের মালিক—এই বাস্তবতা মাথায় রেখেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অতীতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ধরনের ক্ষতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগও রয়েছে। এসব বিষয়ে মন্ত্রণালয় থেকে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না ঘটে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -