বিনোদন প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটালেও অভিনয় থেকে দূরে নেই চিত্রনায়িকা মৌসুমী। তার নতুন সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শুরুতে এটি সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।
সিনেমাটির গল্পে উঠে আসবে প্রবাস জীবনের এক জটিল ও বাস্তব দিক—চুক্তিভিত্তিক বিয়ে। অনেক ক্ষেত্রে বিদেশে গিয়ে বাংলাদেশি নারীরা এমন বিয়েতে জড়িয়ে পড়েন, যা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। কখনো বিবাহিত নারীরাও নতুন আশায় স্বামী-সংসার ছেড়ে বিদেশে পাড়ি জমান। ফলে তাদের জীবনে যেমন ভাঙন তৈরি হয়, তেমনি প্রবাসেও নানা প্রতিকূলতা ও সংগ্রামের মুখোমুখি হতে হয়।
এই প্রসঙ্গে মৌসুমী জানান, প্রবাসে টিকে থাকা, নতুন করে সংসার গড়া এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তার বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর, যিনি চলচ্চিত্রটির পরিচালনাও করেছেন।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হয়। নির্মাতা শুরুতে এটিকে সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজ হিসেবে ভাবলেও পরে সেটিকে সিনেমা আকারে নিয়ে আসেন। গল্পটি মূলত মৌসুমীর চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে, যেখানে নারীর মর্যাদা ও সম্মানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও কয়েকটি দেশেও এর প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রায় দুই বছর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা; সর্বশেষ তার অভিনীত সোনার চর মুক্তি পেয়েছিল ২০২৪ সালে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

