নোয়াখালী প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
৩মে রবিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন এবং জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে স্লোগান দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উপাদান। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোকিত প্রতিদিন /০৩ মে ২০২৬ /মওম

