খোরশেদ আলম:
ঢাকার আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার ০৩ মে বেলা ৩টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে পরিচালনা করেন ঢাকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। অভিযানে আদর্শ সুপার মার্কেটের দুইটি মুদি দোকান-মক্কা-মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঢাকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। নিয়মিত তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ অভিযান জনস্বার্থে নিয়মিত পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন /০৩ মে ২০২৬ /মওম

