আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতেই উন্নয়ন টেকসই হবে: সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

আরো খবর

খালেদ হাসান :

মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে  ১ মে বৃহস্পতিবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমিকের ঘামেই দেশের উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের উন্নয়ন টেকসই হবে। সে লক্ষ্যেই শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি থাকা শ্রমিক দলের নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল। উপস্থিত নেতাকর্মীরা তার অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোকিত প্রতিদিন /০২ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -