আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা মোট ২৩,৮৬৫টি হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সাংসদ মুহাম্মাদ আলী আছগারের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এই তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তবে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলে কতটি মামলা দায়ের হয়েছে, সেই তথ্য সরকারের কাছে নেই।

তিনি আরও জানান, যেসব রাজনৈতিক মামলা এখনও প্রত্যাহার করা হয়নি, সেগুলোর প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে। তবে, মামলার এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ না থাকার কারণে দেশের সব এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা সংখ্যা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়, যা রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সুপারিশ করে। মামলা প্রত্যাহারের জন্য আবেদনপত্র, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে এই কমিটি সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, এখন পর্যন্ত ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলোর প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -