আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর

আরো খবর

বিশেষ প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

এর আগে গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এরপর ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যেগুলোতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জামিন পেলেও তা রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিত হয়ে যায়।

সর্বশেষ, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুনের দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথকভাবে ২ মার্চ ও ১২ এপ্রিল সেই আবেদন মঞ্জুর করেন। এই প্রেক্ষাপটেই হাইকোর্ট আজ ওই দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -