আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত হ*ত্যা ৭৫% হ্রাস, বিজিবির সাফল্য উল্লেখযোগ্য

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

গত বছরের তুলনায় দেশের সীমান্ত এলাকায় হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত দুই মাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

উপদেষ্টা জানান, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জব্দের পরিমাণ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন ও পেট্রোল) পাচার প্রতিরোধ করেছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও আইনি প্রয়োগের কারণে মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ২৬ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওইদিন সর্বোচ্চ তিন ঘণ্টা লোডশেডিং হয়েছে ময়মনসিংহ অঞ্চলে।

তিনি আরও জানান, ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) উদ্বোধন করা হবে। প্রাথমিক ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার আশা করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানানো হয়েছে। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন।

এছাড়া দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -