এফ এইচ মুন্না: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী যাত্রীদের হয়রানি ও এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আনসার এবং পুলিশের বিরুদ্ধে। ২৭ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোর থেকেই প্রবাসী যাত্রীদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ, অযথা দেরি করানো এবং অপ্রয়োজনীয় হয়রানির অভিযোগ ছিল দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির ভিডিও ও ছবি ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, যাত্রীদের হয়রানি নিয়ে প্রশ্ন তোলার পরপরই আনসার ও পুলিশ সদস্যরা ওই সাংবাদিকের ওপর চড়াও হয়। তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধারণকৃত ভিডিও ও ছবি মুছে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং “সরকারি কাজে বাধা” দেওয়ার অভিযোগে মামলা করার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। পরে পরিস্থিতি বেগতিক দেখে তিনি কৌশলে সেখান থেকে সরে যান।
এদিকে, প্রবাসী যাত্রীরা দীর্ঘদিন ধরেই বিমানবন্দরে হয়রানির শিকার হলেও ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না বলে অভিযোগ উঠেছে। আজকের ঘটনায় বৃষ্টির কারণে যাত্রীদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিও বেড়ে যায়, ফলে টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হয় এবং বিশৃঙ্খল পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ৩ নম্বর গেটসহ পুরো টার্মিনাল এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। ঘটনাটি নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রবাসী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

