নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো (২৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ উত্তর বাড্ডা ১০ নম্বর লেনের একটি বহুতল ভবনের নবম তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিমো নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা তাহামিনা আক্তার জানান, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে একজন শিক্ষকের নাম উল্লেখসহ কিছু আর্থিক লেনদেনের বিষয় লেখা ছিল।
চিরকুটে উল্লেখ ছিল—একজন শিক্ষককে ৫০ হাজার টাকা দেওয়ার কথা এবং কিছু ব্যক্তির উদ্দেশ্যে বার্তা। এছাড়া শিক্ষকের দেওয়া উপহার ফেরত দেওয়ার কথাও সেখানে লেখা ছিল বলে জানা গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মিমোর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামে। তার বাবার নাম মো. গোলাম মোস্তফা। পরিবারের দুই সন্তানের মধ্যে তিনি ছিলেন একজন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

