সাইফুল ইসলাম সবুজ:
মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতেই কৃচ্ছ্রতা সাধন করছেন। কৃচ্ছ্রতা সাধন করতে আমাদেরও নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে বৈদ্যুতিক পাখা ব্যবহার করি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা। বিগত দিনে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির এমন বেহালদশা তৈরি করে গেছে। ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে সচল করতে চেষ্টা করে গেছেন। কিন্তু দেশের অর্থনীতি এমন দেউলিয়া হয়েছে, সেটা ১৮ মাসে পূরণ করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সরকার একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। তাই বাংলাদেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আমরা সফল হব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এ অনুষ্ঠানে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ, প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।
আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম

