আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রানা প্লাজা ধসের ১৩ বছর আজ, এখনো বিচার অনিশ্চিত

আরো খবর

শহিদুল্লাহ সরকার:
রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে সাভারে বহুতল ভবন ধসে প্রাণ হারান ১১৩৬ পোশাক শ্রমিক, আহত হন কয়েক হাজার। তবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার বিচার হয়নি এখনো। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে, হঠাৎ করেই কয়েক হাজার শ্রমিক নিয়েই রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। মুহূর্তেই ভবনটি পরিণত হয় ধ্বংসস্তূপে। উদ্ধার অভিযান চলে টানা কয়েক দিন। এ ধসের খবরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে বিশ্বব্যাপী নতুন করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর দুই বছর পর, ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এর জের ধরে ২০১৬ সালে ঢাকার জেলা জজ আদালতে মামলার বিচার শুরু হয়। তবে পরবর্তীতে আসামিদের একের পর এক আইনি পদক্ষেপ, উচ্চ আদালতে বিচার স্থগিতের আবেদন এবং বিভিন্ন জটিলতার কারণে মামলাটি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়ে। এরপর ২০২২ সালে পুনরায় বিচার কার্যক্রম শুরু হলেও তা ধীরগতির হয়ে যায়। এই হত্যা মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী থাকলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে বারবার নির্দেশ দেওয়া হলেও পুলিশ তা কার্যকর করতে পারেনি। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিলেও সেই নির্দেশ বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখা যায়নি।
আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -
- Advertisement -