নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড–এর অধীনে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। প্রথম দিন সকালবেলায় অনুষ্ঠিত হবে আবশ্যিক বাংলা প্রথম পত্র।
জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ ও ৮ জুলাই ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের পরীক্ষা নেওয়া হবে।
এরপর ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসের শেষদিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা নির্ধারণ করা হয়েছে।
জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতেও কিছু পরীক্ষা চলবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ও ৪ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্মের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
পরবর্তীতে ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে—এর মধ্যে কোনো বিরতি থাকবে না।
১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিকসহ ২৫ থেকে ৫০ নম্বরের পরীক্ষার সময় কিছুটা কম হবে। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

