আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় বগুড়া: দেড়শ বছরের পৌরসভা হচ্ছে সিটি করপোরেশন

আরো খবর

মাজেদুর রহমান, বগুড়া:
প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশনে উন্নীত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যা দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে দেখছেন স্থানীয়রা।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছে। প্রায় ১০ লাখ জনসংখ্যার এ শহরটি গত দুই দশক ধরেই সিটি করপোরেশনে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় অধিকাংশ শর্ত পূরণ করলেও নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি।
তবে সাম্প্রতিক সময়ে প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। দলীয় ও প্রশাসনিক একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি গাবতলীর বাগবাড়িতে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করার কথাও রয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ বহুদিনের। এটি বাস্তবায়িত হলে শহরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ জানান, “দীর্ঘ প্রতীক্ষার পর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনও একই সফরে হওয়ায় সাংবাদিকদের জন্য এটি একটি গর্বের বিষয়।”
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জোর প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরটি অর্থনৈতিক ও নগর উন্নয়নের নতুন গতি পাবে।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -
- Advertisement -