প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরে পুরাতন জরাজীর্ণ আর গ্লানিকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ১৪ এপ্রিল মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই ঘিওর উপজেলা চত্বর পরিনত হয় উৎসবের জনপদে। বাঙালির চিরায়ত এই উৎসবকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা সাজে মানুষ জড়ো হতে থাকেন উপজেলা চত্বরে। নারীদের পরনে লাল-সাদা শাড়ি, মাথায় ফুলের টায়রা আর পুরুষদের পরনে ছিল বাহারি পাঞ্জাবি। শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের গালে-হাতে আঁকা আলপনা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাঘ, প্যাঁচা, রাজা-রানীসহ নানা রকম মুখোশ, রঙিন প্ল্যাকার্ড এবং লোকজ ঐতিহ্যের প্রতিকৃতি নিয়ে অংশ নেন। ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্যে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন- ”আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি, আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আজ এক কাতারে দাঁড়িয়েছি। আমরা চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আরও সমৃদ্ধ ও বিকশিত করতে।”
নিরাপত্তা প্রসঙ্গে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই ঐতিহ্যবাহী এই উৎসব পালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ঘিওরবাসী।
আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

