বগুড়া অফিসঃ
প্রধানমন্ত্রী ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়াতে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এবং আরডিএ বগুড়ার মহাপরিচালক ডক্টর মোঃ আব্দুল মজিদ প্রামানিক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা বিশেষ আলোচনায় মিলিত হন।
প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করাই ছিল এই সভার প্রধান উদ্দেশ্য।
সভায় দুই প্রতিষ্ঠানের প্রধানগণ কার্ডের প্রায়োগিক দিক এবং প্রযুক্তিগত সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডক্টর মোঃ আব্দুল মজিদ প্রামানিক (মহাপরিচালক, আরডিএ) বলেন, “কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আরডিএ-র গবেষণা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান এই কার্ডের সঠিক ব্যবহারে কৃষকদের দক্ষ করে তুলবে।
মোঃ গোলাম মরতুজা (ব্যবস্থাপনা পরিচালক, রাকাব) বলেন, “রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষকদের সেবায় সর্বদা সচেষ্ট। কৃষক কার্ডের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা দ্রুততম সময়ে আর্থিক সুবিধা লাভ করবেন।”
সভায় কৃষক কার্ড বিতরণের ডাটাবেজ যাচাই, সহজ শর্তে ঋণ বিতরণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আরডিএ ও রাকাব-এর যৌথ তদারকির ওপর জোর দেওয়া হয়।
১২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সভায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেল নাগাদ ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রধানমন্ত্রীর স্মার্ট কৃষি বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
আলোকিত প্রতিদিন /১২ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

