নিজস্ব প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।
হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে একই সময়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
রামেক হাসপাতালের দেওয়া গেল এক সপ্তাহের তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) হামের উপসর্গ চার শিশুর মৃত্যু হয়েছে। এরআগের দিন বুধবার (৮ এপ্রিল) তিন শিশু, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশু, সোমবার (৬ এপ্রিল) দুই শিশু, রোববার (৫ এপ্রিল) দুই শিশু, শনিবার (৪ এপ্রিল) তিন শিশু, শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়া- এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি হলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়। আক্রান্ত ব্যাক্তিকে পৃথক রাখা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা। তাদের মতে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

