আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সেই পোস্টে তিনি বলেন, ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। তার এই পোস্টের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য অত্যান্ত ‘ভয়ানক’।
গত ৮ এপ্রিল রাতে লেবাননে ওপর বিধ্বংসী বিমান হামলা পরিচালনা করে ইসরায়েল। সেই হামলায় ২৫৪ জন লেবানিজ নাগরিক নিহত হন এবং আহত হন ১১০০ জনেরও বেশি। নিহত এবং আহতদের অধিকাংশই বেসামরিক সাধারণ মানুষ।
লেবাননে হামলার পর এক্সে ইসলায়েলের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেন খাজা আসিফ। সেই পোস্টে তিনি বলেন, ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। এদিকে ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলের হাতে নিরপরাধ লোকজন নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। রক্তপাত অব্যাহত আছে।
আমি আশা করি এবং প্রার্থনা করি যে ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের মতো একটি ক্যান্সার রাষ্ট্র সৃষ্টি করেছিল, নরকের আগুন যেন তাদের গ্রাস করে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ পরেই এক্সে প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে ধ্বংসের ডাক দিয়েছেন। এটি ভয়ানক। কোনো দেশের সরকারের কাছ থেকে এ বক্তব্য প্রত্যাশিত নয়, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই- যারা নিজেদের শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-ও খাজা আসিফের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। পৃথক এক এক্সপোস্টে তিনি বলেছেন, শান্তি মধ্যস্থতার’ দাবিদার একটি সরকারের পক্ষ থেকে আসা এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী রক্ত-অপবাদকে ইসরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখে। ইহুদি রাষ্ট্রকে ‘ক্যান্সার’ হিসেবে উল্লেখ করা কার্যত এই রাষ্ট্রকে ধ্বংসের আহ্বান জানানো। যারা ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানায়, সেসব সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েল নিজেকে রক্ষা করতে সচেষ্ট।
সূত্র : এনডিটিভি
আলোকিত প্রতিদিন / এম আর এম

