বিনোদন ডেস্ক:
সংগীতের আঙিনায় জনপ্রিয় নাম প্রীতম ও জেফার। দুজনেই একসঙ্গে গান দিয়ে মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার সুরের ছন্দে নয় বরং প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
শিহাব শাহীনের পরিচালনায় প্রীতম ও জেফারকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি।
জানা যায়, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ।
নির্মাতা শিহাব শাহীন ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা এবং চাওয়াকে প্রাধান্য দেয়। নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা মনভাবের জন্যই একসময় জীবন ও সম্পর্কের মাঝে সৃষ্টি হয় নানা জটিলতার। সেই টানাপোড়েন জীবনের ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য।
শিহাব শাহীনের সঙ্গে প্রীতম ও জেফারের কাজের অভিজ্ঞতা পূর্ব থেকেই। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
উল্লেখ্য শিহাব শাহীন নিজেই ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিজেই।
আলোকিত প্রতিদিন / এম আর এম

