স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, হুমকি ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক।
জিডি সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার কুস্তা গ্রামের বাসিন্দা হিমেল সুলতান গত ২৩ ফেব্রুয়ারি ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৭৯৯ এবং ট্র্যাকিং নম্বর B19TIF।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নিজের বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, “ঘিওর নিউজ” নামের একটি আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি ওই আইডি থেকে তাকে হুমকিও প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী হিমেল সুলতান জানান, বিষয়টি জানার পর তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারী ব্যক্তিদের সনাক্ত করতে পারেননি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য থানায় আবেদন করেছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে ঘিওর থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

