নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। সাফজয়ী বাংলাদেশ দলকে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।
বাংলাদেশ অ-২০ দল মালদ্বীপের মালে থেকে রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাফুফে কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর সাফজয়ী ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।
ওই অনুষ্ঠানে ফুটবলারদের অর্থ পুরস্কার না দেওয়ায় খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল বাফুফে। দেড় বছর পেরিয়ে গেলেও বাফুফে এখনও পূরণ করতে পারেনি সেই প্রতিশ্রুতি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অর্থের পরিমাণ প্রকাশ না করে ঘোষণা দিলেও বাফুফে সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য কোনো আর্থিক ঘোষণা দেয়নি ।
আলোকিত প্রতিদিন / এম আর এম

