আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে রিট

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

সম্প্রতি দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।

স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, হামের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে কিংবা হাসপাতালে ভর্তি হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।

পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ প্রতিবেদনও নোটিশে সংযুক্ত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -