আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার ঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৪ এপ্রিল শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবে ১১ দলীয় ঐক্য জোট।

২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে উল্লেখ করে এই নেতা জানান, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনও বিকল্প নেই।

তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

হামিদুর রহমান বলেন, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই। শনিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য জোট ।

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -