মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামে “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্পের আওতায় শতাধিক কৃষকের অংশগ্রহণে গতকাল (১/৪/২৬) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে জানানো হয়- চলতি মৌসুমে দোলাবাড়ি গ্রামে একটি সোলার সেচ স্কিম চালু করা হয়েছে। স্থানীয় নদী থেকে সাশ্রয়ী মূল্যে পানি উত্তোলনের এ উদ্যোগের মাধ্যমে শতাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন- “সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় দোলাবাড়ির ফসলি মাঠে প্রায় ১০০ বিঘা জমিতে প্রথমবারের মতো আউশ ধান চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হলে স্থানীয় খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।”
বিশেষ অতিথির তাঁর বক্তব্যে বলেন- “কৃষকদের উৎসাহিত করতে সরকার কৃষক কার্ড চালু করেছে। কৃষি নির্ভর দেশের অর্থনীতিতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমির সঠিক ব্যবহার ও মৌসুম ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মাঠ দিবস আয়োজন করা হবে।
আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

