আলোকিত প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। কোনও খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না। বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না।
৩০ মার্চ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালের শাপলা হলে যুব ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড এবং পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে আমরা বলেছিলাম, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। সেই প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।
তারেক রহমান বলেন, যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বেতন কাঠামোর আওতায় আনার কাজ শুরু করেছে।
তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার ইতোমধ্যেই পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড, ইমাম খতিব এবং অন্য ধর্মের গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদান এবং সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করেছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণেন জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’।
তারেক রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধী যারা ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে সক্ষম তারাও ক্রীড়া কার্ড পাবেন। ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও দেশে-বিদেশে সব ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

