প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে ‘রাজ ট্রেডার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় ঘিওর থানা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম। প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ঘিওর থানা মোড়ের রাজ ট্রেডার্সে সাধারণ ক্রেতাদের কাছ থেকে পেট্রোল ও অন্যান্য জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ে সন্ধ্যায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে চড়া দামে তেল বিক্রির প্রমাণ হাতে-নাতে পাওয়ায় দোকানের মালিক মনিন্দ্র রাজবংশীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম জানান, “ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে যারা জনজীবনে ভোগান্তি বাড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরণের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে ঘিওর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

