প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ):
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে মহান বিজয় ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনতা পরম শ্রদ্ধায় স্মরণ করেছে বীর শহিদদের।
২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে ঘিওর কেন্দ্রীয় স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরে স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হাজারো মানুষের সমাগম ঘটে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা তুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এবং ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ মেঝবা উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর
মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন /২৬ মার্চ ২০২৬ /মওম

