আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সম্প্রতি ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। যা পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে তেহরানে পৌঁছেও দেওয়া হয়েছে।
সেই প্রস্তাবে কী কী দফা বা পয়েন্ট আছে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প প্রশাসনের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই প্রস্তাবে কী আছে তা জানার চেষ্টা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
কর্মকর্তারা দুটি বিষয়ের আভাস দিয়েছেন নিউইয়র্ক টাইমস-কে; প্রথমটি হলো ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ ও দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে পুনরায় জাহাজের অবাধ চলাচল।
জাতিসংঘের তথ্য অনুসারে, ইরানের কাছে অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-ও চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আভাস নেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘণিষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, চুক্তির শর্ত অনুসারে ইরানকে তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে ও বর্তমানে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে- তা হস্তান্তর করতে হবে।
ইরান যদি হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে, তাহলে তার পরিবর্তে দেশটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইরান যদি প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয়, তাহলে ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র ও বিরতিকালে প্রস্তাবের দফা বা পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওয়াশিংটন এবং তেহরানের কর্মকর্তাদের মধ্যে।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্র : এএফপি
আলোকিত প্রতিদিন / এম আর এম

