আলোকিত প্রতিবেদক:
টানা দীর্ঘ ঈদ ছুটি শেষে আজ ২৪ মার্চ মঙ্গলবার থেকে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। খুলছে সব সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি অফিস। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ গত দুদিন ধরে রাজধানীতে ফিরতে শুরু করায় বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে আজ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও ফার্মগেট এবং গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে উপভোগ্য ভিড় থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি দেখা গেছে।
রাজধানীর রামপুরা এলাকায় বসবাসকারী বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, “পরিবার নিয়ে ঈদ কাটিয়ে গতকালই ঢাকা ফিরেছি। আজ সকালে মহাখালী অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বাসে যাত্রী থাকলেও স্বাভাবিক সময়ের মতো সেই যানজট আজ নেই। যাতায়াতে বেশ স্বস্তি পাচ্ছি।” আগামী সপ্তাহের কর্মদিবসে রাজধানীর স্বাভাবিক চিত্রে ফিরবে বলে জানান তিনি।
একই চিত্র দেখা গেছে গুলশান ও বনশ্রী এলাকায়। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফাত ইসলাম জানান, চক্রাকার বাসে ওঠার জন্য প্রতিদিন যে দীর্ঘ লাইন থাকে, আজ তা তুলনামূলক কম। তিনি মনে করেন, “আজ অফিস খুললেও আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে। যার ফলে আগামী রবিবার থেকেই রাজধানী তার পূর্ণ এবং চিরচেনা রূপে ফিরবে।”
সকাল থেকেই গুলিস্তান থেকে ধানমন্ডি হয়ে গাবতলী, কল্যাণপুর, শাহবাগ-আসাদ গেট হয়ে গাবতলী মিরপুর, আবার ফার্মগেট হয়ে মিরপুর, উত্তরা অভিমুখী সব সড়কে বাসের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে।
প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ মতিঝিল এবং কারওয়ান বাজার এলাকায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অফিস পাড়া। দীর্ঘ ছুটির শেষে নতুন উদ্যমে কাজে ফিরছেন নগরবাসী।
আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

