জান্নাত আক্তার রিয়া:
আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ২৩ মার্চ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে, মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ২৩শে মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসের প্রস্তুতি এবং সৌন্দর্য বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিধিবৃন্দ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশাধিকার স্থগিত থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা, গাম্ভীর্য এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রস্থান পরবর্তী সময়ে স্মৃতিসৌধ এলাকা যথারীতি জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

