রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা বিএনপির আহ্বায়কসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা এ অঞ্চলের মানুষের জন্য শিংজানি খাল পুনঃখনন একটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, খালটি পুনরুদ্ধার হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।
এছাড়াও প্রকল্পটি বাস্তবায়নের ফলে মৎস্য সম্পদের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়—বরং গোবিন্দগঞ্জ অঞ্চলের টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

